ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১১:৫৯ এএম

ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

এক ঐতিহাসিক মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদের অভিভাবক হিসেবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথম অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে স্পিকার পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

একই সঙ্গে সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়াকে সংসদীয় গণতন্ত্রে একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁর দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা সংসদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তরুণ ও মেধাবী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পাওয়ায় সংসদীয় কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত সরকারি দল থেকেই এই দুটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন সম্পন্ন হলো।

বর্তমানে নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে সংসদের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। অধিবেশনের পরবর্তী অংশে রাষ্ট্রপতির ভাষণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!