মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির গোয়েন্দা শাখা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাধারণ মানুষকে তাদের এলাকায় অবস্থানরত মার্কিন সেনাদের তথ্য ও অবস্থান জানানোর আহ্বান জানিয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এবং মিডল ইস্ট আই-এর প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে যে, হাজার হাজার মার্কিন সেনা বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হোটেল, ব্যক্তিগত আবাসন বা সাধারণ বাসাবাড়িতে অবস্থান করছে।
বিবৃতিতে বলা হয়, “আমরা আমেরিকানদের শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে পরিণত করতে বাধ্য হচ্ছি। তাই তাদের অবস্থান থেকে অন্যদের দূরে থাকা উচিত এবং হোটেলগুলোতে তাদের আশ্রয় না দেওয়াই ভালো।”
ওয়াশিংটন কৌশলে ইরানের ‘আরব ভাইদের’ মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে তেহরান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে মার্কিন সেনাদের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে ওই বার্তায়।
আইআরজিসি’র গোয়েন্দা শাখা বিষয়টিকে একটি ‘ইসলামী দায়িত্ব’ হিসেবে উল্লেখ করে বলেছে, “মার্কিন সন্ত্রাসীদের লুকিয়ে থাকার জায়গাগুলো সঠিকভাবে জানানো আপনাদের দায়িত্ব। সেই তথ্য আমাদের কাছে টেলিগ্রামে পাঠিয়ে দিন।”
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যে, তারা চাইলে ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। এর মধ্যেই মার্কিন সেনাদের খুঁজে বের করার এই প্রকাশ্য ঘোষণা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য চরম ঝুঁকি তৈরি করল।
সূত্র: তাসনিম নিউজ, মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :