মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত নিরসনে তিনটি প্রধান শর্তের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি তেহরানের এই অনমনীয় অবস্থানের কথা পরিষ্কার করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাঁর পোস্টে উল্লেখ করেন, তেহরান এখনো আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধ বন্ধ করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনটি বিষয় নিশ্চিত করতে হবে: ইরানের বৈধ ও সার্বভৌম অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। এই যুদ্ধে ইরানের যে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে, তার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা বা আগ্রাসন চালানো হবে না এমন শক্ত আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, তিনি এই সংকট নিরসনে রাশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় তিনি পুনর্ব্যক্ত করেন যে, বর্তমান যুদ্ধ ‘জায়নবাদী শাসনব্যবস্থা’ ও যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হয়েছে। ইরান শুরু থেকেই স্থিতিশীলতার পক্ষে ছিল, কিন্তু এখন শান্তি ফেরাতে তাঁর দেওয়া এই তিন শর্তের বাস্তবায়নই একমাত্র পথ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার (অপারেশন এপিক ফিউরি) মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত ঘটে। ওই হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বর্তমানে রাশিয়া মধ্যস্থতার চেষ্টা করলেও ইরান তাদের দাবিতে অটল রয়েছে। এই যুদ্ধের ফলে এরই মধ্যে ১২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :