কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গুণবতী ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রম চলাকালে যুবদলের এক নেতার ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে চাঁপাচৌ বাজারসংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন গুণবতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শাকিল। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রচার মাইকিং শেষ করে তিনি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে শাকিলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। হামলার এক পর্যায়ে দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠে বিএনপির কার্যক্রম বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলায় জড়িতদের মধ্যে সোহাগ, নাছির, লিখন ও রাজিবসহ কয়েকজনের নাম উঠে এসেছে, যাদের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা রয়েছে।
আহত শাকিল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এ ঘটনায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণ প্রচার কার্যক্রমে হামলা রাজনৈতিক সহনশীলতার চরম অবক্ষয়ের প্রমাণ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :