ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

বিচারের মুখোমুখি হতে প্রস্তুত ভারতে থাকা আ. লীগ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ১২:২৯ পিএম

বিচারের মুখোমুখি হতে প্রস্তুত ভারতে থাকা আ. লীগ নেতারা

বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যে বিপুলসংখ্যক নেতাকর্মী দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাদের অনেকেই এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

দীর্ঘ দুই বছর পর ‍‍`শেখ হাসিনার আহ্বানে‍‍` সাড়া দিয়ে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে তারা মানসিকভাবে প্রস্তুত বলে বিবিসি বাংলার কাছে দাবি করেছেন ভারতে অবস্থানরত দলটির শীর্ষ কয়েকজন নেতা। এর আগে গত বুধবার দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন শেখ হাসিনা।

বিবিসি বাংলার অনুসন্ধান অনুযায়ী, বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য, সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নেতা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছেন।

তবে প্রথম দিকে এই অঞ্চলে দুই শতাধিক শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও হাজারেরও বেশি তৃণমূল ও মধ্যম সারির নেতা অবস্থান নিলেও, পরে সামর্থ্য ও যোগাযোগ অনুযায়ী তাদের অনেকেই ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন।

ভারতে থাকা অবস্থায় এসব নেতাদের জীবনযাপন মোটেও সহজ ছিল না। ক্ষমতাচ্যুত হওয়ার পর আত্মগোপনের প্রথম কয়েক মাস চরম অনিশ্চয়তা ও ‍‍`ট্রমা‍‍`র মধ্য দিয়ে কেটেছে বলে জানিয়েছেন তারা। অনেকেই বাসা ভাড়া করে থাকছেন এবং আর্থিক অনটনের কারণে গণপরিবহনেও যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং দলকে পুনরায় গুছিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। মাঝে মাঝে ছোট ছোট দলে ভাগ হয়ে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করছেন তারা।

জুলাই-আগস্টের গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, "নেত্রী যেভাবে ঘোষণা দিয়েছেন, আমরাও দেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। আমরা প্রমাণ করতে চাই যে আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সম্পূর্ণ ভুয়া ছিল।"

অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও মানসিকভাবে দেশে ফেরার প্রস্তুতির কথা জানিয়ে বলেন, "মানসিক ও পারিবারিকভাবে আমরা দেশে ফেরার জন্য প্রস্তুত। রোডম্যাপটা তৈরি, এখন শুধু উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছি।"

তবে শেখ হাসিনা কবে এবং কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা এখনো প্রকাশ করা হয়নি।

ডিজিএন/এনএস

banner
Link copied!