খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে মসজিদ কমিটির সেক্রেটারিসহ দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)। তারা দুজনেই উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। নামাজ চলাকালীন কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ মসজিদে প্রবেশ করে এবং মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে। এ সময় তাঁর পাশে নামাজে থাকা অন্য মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।
গুলিবর্ষণের ঘটনায় লোকমান হাকিমের মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে, আহত মুসল্লি আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লেগেছে। ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আলম মন্ডল বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, "পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এই হামলা হয়েছে এবং এর সাথে কারা জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।"
মসজিদের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :