দেশে চলমান জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে জরুরি ভিত্তিতে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করছে সরকার। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ইতিমধ্যে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপিসি সূত্র জানায়, ডিজেল পাম্পিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবারের মধ্যেই ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল বাংলাদেশে এসে পৌঁছাবে। বর্তমানে দেশে যে তেলের সংকট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, এই চালান তা মোকাবিলায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত রোববার (৮ মার্চ) দেশে জ্বালানি সংকট মেটাতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেই বৈঠকে ভারত-বাংলাদেশ পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের পক্ষ থেকেও এই বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে যখন অনিশ্চয়তা তুঙ্গে, তখন ভারতের নুমালিগড় থেকে এই সরবরাহ দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে। বিশেষ করে পরিবহন ও কৃষি খাতে ডিজেলের চাহিদা মেটাতে এই দ্রুত সরবরাহ অত্যন্ত জরুরি ছিল।


আপনার মতামত লিখুন :