ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Daily Global News

হরমুজ প্রণালীতে থাই জাহাজে হামলা, ২৩ নাবিককে উদ্ধার করা হচ্ছে

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:৫৭ পিএম

হরমুজ প্রণালীতে থাই জাহাজে হামলা, ২৩ নাবিককে উদ্ধার করা হচ্ছে

মধ্যপ্রাচ্যের উত্তাল জলপথ হরমুজ প্রণালীতে এবার হামলার শিকার হয়েছে থাইল্যান্ডের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। বুধবার (১১ মার্চ) এই হামলার পর ২৩ জন থাই নাবিককে উদ্ধারে জরুরি সহায়তা শুরু করেছে রয়্যাল থাই নৌবাহিনী ও ওমান কর্তৃপক্ষ।

রয়্যাল থাই নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা আনুমানিক সকাল ১১টার দিকে জাহাজটিতে হামলার প্রাথমিক প্রতিবেদন পান। যদিও নিরাপত্তার খাতিরে হামলার সুনির্দিষ্ট সময় ও এলাকা এখনো প্রকাশ করা হয়নি। তবে তারা নিশ্চিত করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে যাত্রা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজটি আক্রান্ত হয়।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে মোট ২৩ জন থাই নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জনকে এরই মধ্যে ওমান নৌবাহিনী সফলভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বাকি তিনজনকে উদ্ধারের প্রক্রিয়া এখনো চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। থাই নৌবাহিনী জানিয়েছে, কেন এবং কীভাবে এই হামলা চালানো হয়েছে তা জানতে বিস্তারিত তদন্ত চলছে। উল্লেখ্য যে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বর্তমানে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম বিপজ্জনক জলপথে পরিণত হয়েছে। এই রুট দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো এখন নিয়মিত ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার মধ্যে থাকছে।

এই ঘটনার পর ওই এলাকায় চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীর চলমান অস্থিরতা বিশ্বজুড়ে পণ্য পরিবহনের খরচ এবং বিমা প্রিমিয়াম আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ডিজিএন/এনএস

banner
Link copied!