ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:২৫ পিএম

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

ইরানের অভ্যন্তরীণ ব্যাংকিং খাতে হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড বা খাতাম আল-আনবিয়া-র পক্ষ থেকে এই চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-র তথ্যমতে, খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক সতর্কবার্তায় বলেছেন, “এই অঞ্চলের মানুষদের উচিত মার্কিন ও ইসরায়েলি ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকা।” তিনি আরও বলেন, “শত্রুরা আমাদের তাদের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোতে আঘাত করার স্বাধীনতা দিয়েছে।”

ইরানি গণমাধ্যম ‘খবর’-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত রাতে তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। ওই সময় বেতন বিতরণের প্রস্তুতির জন্য বিশেষ শিফটে কাজ করছিলেন একদল কর্মী। হামলায় বেশ কয়েকজন ব্যাংক কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার ইরানের দুটি রাষ্ট্রীয় ব্যাংক সেপাহ এবং মেল্লির অনলাইন সেবা ও লেনদেন প্রক্রিয়া সাইবার বা অন্য কোনো কারিগরি হামলার কারণে বিঘ্নিত হয়েছিল বলে খবর পাওয়া যায়।

সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এখন দুই পক্ষই একে অপরের অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। ইরানের এই হুমকির পর মধ্যপ্রাচ্যে অবস্থিত বিশেষ করে দুবাই, কাতার বা বাহরাইনের মতো দেশগুলোতে থাকা পশ্চিমা ও ইসরায়েলি আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শিপিং রুট এবং জ্বালানি তেলের পর এখন ব্যাংক ও অর্থনৈতিক কেন্দ্রগুলো যুদ্ধের নতুন ফ্রন্ট হিসেবে আবির্ভূত হলো, যা বিশ্ব অর্থনীতিতে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডিজিএন/এনএস

banner
Link copied!