পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন মুসল্লি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারালাই কালান এলাকায় অবস্থিত `খাদিজা তুল কুবরা` মসজিদে এই হামলা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজের জন্য মুসল্লিরা যখন মসজিদে সমবেত হয়েছিলেন, তখনই এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের জানালার কাঁচ ভেঙে পড়ে এবং আশপাশের ভবনেও কম্পন অনুভূত হয়। খবর পেয়েই উদ্ধারকারী দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যায়।
উদ্ধারকারী কর্মকর্তা মোহাম্মদ আমির জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইসলামাবাদের প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে এটি আত্মঘাতী হামলা নাকি অন্য কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, পাকিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত বছরের নভেম্বরেও ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের সামনে এক আত্মঘাতী হামলায় ১২ জন প্রাণ হারিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :