পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে দীর্ঘ ছুটির আমেজ শুরু হচ্ছে সারা দেশে। আজ সোমবার (১৬ মার্চ) অফিস শেষ করেই টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এই ছুটি শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারের নির্বাহী আদেশে এবার ঈদের ছুটি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন নির্ধারণ করা হয়েছে। ১৭ মার্চ পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটি। ১৮ মার্চ বিশেষ সরকারি আদেশে সাধারণ ছুটি। ১৯ থেকে ২৩ মার্চ পবিত্র ঈদুল ফিতরের নির্ধারিত পাঁচ দিনের ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। এই সময়ে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, ফায়ার সার্ভিস ও হাসপাতালের মতো জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।
ঈদের ছুটি শেষ হবে ২৩ মার্চ সোমবার। এরপর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) অফিস খোলা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। তার পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
ফলশ্রুতিতে, কোনো চাকরিজীবী যদি মাঝখানের ওই দুই দিন (২৪ ও ২৫ মার্চ) নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে তিনি ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের এক বিশাল ছুটি কাটানোর সুযোগ পাবেন।
গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল এবং ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়। সেই হিসেবে ২৯ রোজা পূর্ণ হলে ২০ মার্চ এবং ৩০ রোজা পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এই ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ।


আপনার মতামত লিখুন :