ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২
Daily Global News

খাল খননই হবে গ্রামবাংলার সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০১:৩৯ পিএম

খাল খননই হবে গ্রামবাংলার সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দেশব্যাপী ‘নদী-নালা, খাল ও জলাধার খনন’ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোলে এক বিশাল জনসভায় তিনি এই কর্মসূচির গুরুত্ব ও লক্ষ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষক যদি বাঁচাতে না পারি, তবে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই খাল খনন কর্মসূচি কেবল মাটি কাটা নয়, এটি একটি আধুনিক কৃষি বিপ্লবের সূচনা। আমরা চাই বৃষ্টির পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষকের দোরগোড়ায় সেচের পানি পৌঁছে দিতে। এতে ফলন বাড়বে এবং খরচ কমবে।”

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আমাদের নদী ও খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল পরিবেশ রক্ষা করা। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি নদী-নালা ও জলাশয়গুলোকে প্রাণ দেবে এবং জীববৈচিত্র্য রক্ষা করবে।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহ্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “শহীদ জিয়া খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রামবাংলার অর্থনীতিতে প্রাণ সঞ্চার করেছিলেন। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা সেই স্বপ্নকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে বাস্তবায়ন করছি। এবার কেবল খনন নয়, খননকৃত মাটি দিয়ে টেকসই বাঁধ এবং পাড়ে বৃক্ষরোপণ নিশ্চিত করা হবে।”

কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই প্রকল্পে জনগণের টাকা ব্যয় হচ্ছে। খাল খননের নামে কোনো ধরনের অনিয়ম বা লুটপাট সহ্য করা হবে না। স্থানীয় জনগণকেই এই কাজের পাহারাদার হতে হবে।”

তারেক রহমান উল্লেখ করেন যে, এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। মৎস্য চাষের সুযোগ তৈরি হবে যা আমিষের চাহিদা মেটাতে সহায়তা করবে।

আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই যেখানে সেচের অভাবে কোনো কৃষকের জমি ফেটে চৌচির হবে না। আমাদের এই কর্মসূচি পরিবেশ ও উন্নয়নকে একই সূত্রে বাঁধবে।

 

ডিজিএন/এনএস

banner
Link copied!