মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা এবার সরাসরি আঘাত হেনেছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইতে। সোমবার (১৬ মার্চ) ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যাওয়ার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে তাদের আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উড়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি মোকাবিলা করছে। শহরজুড়ে বিকট শব্দ শোনা যাচ্ছে, যা মূলত আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক শত্রু ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস (ইন্টারসেপ্ট) করার শব্দ বলে নিশ্চিত করা হয়েছে।
বিবিসি নিউজ জানিয়েছে, সোমবার ভোরে বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে একটি ড্রোনের আঘাতের পর নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল স্থগিত করা হয়। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও যাত্রীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
অনেকগুলো আন্তর্জাতিক ফ্লাইটকে দুবাইয়ের দ্বিতীয় বিমানবন্দর আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, তারা পরিস্থিতি বিবেচনা করে সীমিত পরিসরে কার্যক্রম শুরুর চেষ্টা করছে, তবে অনেক ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।
বিমানে আটকে থাকা এক যাত্রী বিবিসিকে জানান, প্রায় ৪০ মিনিট ভেতরে অপেক্ষা করার পর পাইলট ঘোষণা করেন যে একটি ‘নিরাপত্তা জনিত ঘটনা’র কারণে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কায় তখন বিস্তারিত কিছু জানানো হয়নি।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। দুবাই শহরের আকাশে এখনো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :