আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো নজির নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বরং অনেক রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে কম রাখা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো কোনো জায়গায় কম ভাড়া নিচ্ছে। তবে বেশি নেয়ার নজির নেই। এখন পর্যন্ত শৃঙ্খলার সাথেই বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।” তিনি আরও আশ্বস্ত করেন যে, যদি কোনো যাত্রী বাড়তি ভাড়ার বিষয়ে অভিযোগ করেন, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, আগামী দুই থেকে আড়াই দিনের মধ্যে ঢাকা ছাড়বে প্রায় দেড় কোটি মানুষ। এই বিশাল চাপ মোকাবিলা করা চ্যালেঞ্জিং হলেও সরকার সক্ষমতার শতভাগ ব্যবহার করছে।
টার্মিনাল ও পার্কিংয়ে পর্যাপ্ত বাস প্রস্তুত রাখা হয়েছে। গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ানো হবে না বলে গতকালই ঘোষণা দেওয়া হয়েছে। ফিটনেসবিহীন গাড়ি যাতে কোনোভাবেই হাইওয়েতে উঠতে না পারে, সে বিষয়ে সরকার অত্যন্ত সজাগ।
মন্ত্রী বলেন, “তড়িঘড়ি করে প্রস্তুত করা কোনো লক্কড়-ঝক্কড় গাড়ি এবার মহাসড়কে নামতে দেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার।” অতিরিক্ত যাত্রীর চাপ থাকলেও তা মোকাবিলা করার মতো পর্যাপ্ত প্রস্তুতি সরকারের রয়েছে বলে তিনি দাবি করেন।


আপনার মতামত লিখুন :