ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
Daily Global News

‘বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাধীন’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:২৬ এএম

‘বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাধীন’

ভারতের লোকসভায় বাংলাদেশ ইস্যুতে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লোকসভায় লিখিত বক্তব্যে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের গভীরতা এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করেন।

কীর্তি বর্ধন সিং বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত গভীর ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য হলো জনকল্যাণমুখী উন্নয়ন। দুই দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়মিত মতবিনিময় অব্যাহত রয়েছে।”

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের সুযোগ পাকিস্তান নিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সরাসরি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য দেশগুলোর থেকে সম্পূর্ণ স্বাধীন।” এছাড়া বাংলাদেশ, পাকিস্তান ও চীনের ‘ক্রমবর্ধমান জোট’ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে তিনি জানান, ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সব বিষয়ে সরকার সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি ভারত সরকার নিয়মিতভাবে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ে উত্থাপন করে আসছে। গত বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করেছেন।

ভারত সরকার তার ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে ভারত সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!