ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বেইত শেমেশে ইরানের ছোড়া একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে জেরুজালেমের পার্শ্ববর্তী এই শহরের একটি জনবহুল আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়লে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির আঘাতে একটি সিনাগগ (ইহুদি উপাসনালয়) সম্পূর্ণ ধসে পড়েছে। এছাড়া একটি পাবলিক বোমা আশ্রয়কেন্দ্র এবং আশপাশের বেশ কিছু আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহত অন্তত ২৮ জনের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের জেরুজালেমের ‘শারে জেদেক’ ও ‘হাদাসাহ’ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দুপুর ২টার দিকে এই আঘাত ঘটে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আটকাতে ব্যর্থ হলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। বেইত শেমেশের মেয়র শমুয়েল গ্রিনবার্গ জানিয়েছেন, হামলার পর থেকে প্রায় ২০ জন বাসিন্দার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে তাদের সন্ধানে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :