নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী ও দুই বছরের শিশু সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর এক যুবক নিজে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাদের একমাত্র সন্তান জিনি সরকার (২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে জয় সরকারের ঘরে চিৎকার শুনে স্বজনরা এগিয়ে যান। সেখানে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় বৃষ্টি সরকার ও শিশু জিনির মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘরের ভেতর জয় সরকারের মরদেহও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কলহের জেরে জয় সরকার প্রথমে তার স্ত্রী ও সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন এবং পরে নিজে আত্মহননের পথ বেছে নেন।
আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) শাহাজুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো বলরামচক গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে জয় সরকার এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :