রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ১২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম জানান, মিরপুর সাড়ে ১১ নম্বরের একটি ১০ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে এমন সংবাদ পাওয়ার পরপরই দুটি ইউনিট পাঠানো হয়। জনবহুল এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চতুর্থ তলার ঠিক কোথায় আগুনের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
নির্বাচনের ছুটির কারণে এলাকাটি কিছুটা জনশূন্য থাকলেও আগুনের খবরে আশপাশের ভবনের বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন।


আপনার মতামত লিখুন :