ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মন্তব্য করেছেন যে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বিশেষ দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সকাল সাড়ে ৭টায় সারাদেশের ২৯৯টি আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।
ইভার্স ইজাবস বলেন, “আমরা দেখেছি সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত সবকিছু সুশৃঙ্খলভাবে চলছে।”
ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে ইইউ মিশনের প্রধান বলেন, “প্রাথমিকভাবে এখন আমরা কোনো নির্দিষ্ট মন্তব্য করব না। আমাদের পর্যবেক্ষকরা সারাদেশে ছড়িয়ে আছেন। দিনশেষে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের পূর্ণাঙ্গ প্রাথমিক মূল্যায়ন জানাব।”
ভোট উৎসবের আমেজ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। বক্তব্যের শেষে তিনি গোটা দিনের জন্য দেশবাসী ও ভোটারদের প্রতি শুভকামনা জানান।
উল্লেখ্য, ইইউ-র প্রায় ২০০ পর্যবেক্ষকের একটি শক্তিশালী দল এবারের ঐতিহাসিক নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করছে। ২০০৮ সালের পর এই প্রথম ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠালো।


আপনার মতামত লিখুন :