ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
Daily Global News

বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের জন্য রেলের টিকিটে ২৫ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৯:১৯ পিএম

বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের জন্য রেলের টিকিটে ২৫ শতাংশ ছাড়

দূরপাল্লার রেল ভ্রমণে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে ২৫ শতাংশ ডিসকাউন্ট বা ছাড়ের ঘোষণা দিয়েছেন সরকারের দায়িত্বশীল মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম জানান, নির্দিষ্ট তিনটি শ্রেণির নাগরিকরা যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে এই ছাড় পাবেন, সিনিয়র সিটিজেন- যাদের বয়স ৬৫ বছর বা তার বেশি। প্রতিবন্ধী- শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তি। শিক্ষার্থী- স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী ছাত্র-ছাত্রী।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এই সুবিধার ঘোষণা আসলেও মন্ত্রী জানান, এবার ঈদের আগে এটি পুরোপুরি নিশ্চিত করা কিছুটা কঠিন হতে পারে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, “আগামী কোরবানির ঈদের আগেই এটি নিশ্চিত হবে এবং যাত্রীরা ২৫ শতাংশ ডিসকাউন্টে চলতে পারবেন।” অনলাইন বা কাউন্টারে আইডি কার্ড যাচাইয়ের প্রযুক্তিগত কাজগুলো এখন প্রক্রিয়াধীন।

মন্ত্রী আরও যোগ করেন, “আপনি আইডি কার্ড দেখালে ৬৫ বছরের বেশি বয়স হলেই আপনাকে ২৫ শতাংশ ডিসকাউন্ট দিতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি কার্ড প্রদর্শন করলেই তারা এই বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।”

ডিজিএন/এনএস

banner
Link copied!