ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তানও: উত্তাল ক্রিকেট বিশ্ব

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০২:৩৯ পিএম

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তানও: উত্তাল ক্রিকেট বিশ্ব

 

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নাটকীয়তা এবার নতুন মোড় নিল। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে খেলতে না যায়, তবে তাদের সমর্থনে টুর্নামেন্ট বর্জন করতে পারে পাকিস্তানও। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাতে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি মেনে না নেয়, তবে পাকিস্তান এই মেগা ইভেন্ট বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বিষয়টিকে ‘যৌক্তিক’ বলে আখ্যা দিয়েছে।

বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে খেলার মাঠেও। সাম্প্রতিক আইপিএল আসরে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বিনা কারণে কেকেআর থেকে বাদ দেওয়ার পর থেকেই উত্তাপ ছড়াতে থাকে। এর প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশও আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনড় দাবি তোলে।

গত বুধবার (২১ জানুয়ারি) আইসিসির ভার্চুয়াল সভায় ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ১৪-২ ভোটে বাংলাদেশের দাবি খারিজ হয়ে যায়। জানা গেছে, একমাত্র পাকিস্তান ছাড়া আর কোনো দেশ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ না খেললে বিকল্প কোনো দেশকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এই জটিল পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে আরও সময় চেয়েছেন। আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন। তাদের মতামত শোনার পরেই জানা যাবে বাংলাদেশ ভারত সফরে যাবে কি না।

আইসিসি বাংলাদেশকে শেষ ২৪ ঘণ্টা সময় দিয়েছে। যদি বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে, তবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ড বা অন্য কোনো দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। তবে পাকিস্তান যদি বাংলাদেশের সমর্থনে সরে দাঁড়ায়, তবে বিশ্বকাপের আকর্ষণ ও বাণিজ্যিক মূল্যে বড় ধরণের ধস নামার আশঙ্কা করছে খোদ আইসিসি।

ডিজিএন/এফএ

বিশ্বকাপ ও ক্রিকেটের সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে ‍‍`ডেইলি গ্লোবাল নিউজ‍‍`-এর সাথেই থাকুন।

 

banner
Link copied!