ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মোজতবা খামেনির ‘মাথার দাম’ ১ কোটি ডলার: শীর্ষ কর্মকর্তাদেরও খুঁজছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:৪১ এএম

মোজতবা খামেনির ‘মাথার দাম’ ১ কোটি ডলার: শীর্ষ কর্মকর্তাদেরও খুঁজছে যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যের জন্য ১ কোটি ডলার (১০ মিলিয়ন ডলার) পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস পরিচালিত ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই বিশাল পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াশিংটনের প্রকাশিত একটি অফিশিয়াল ব্যানারে মোজতবা খামেনিসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার ছবি ও নাম ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

মার্কিন তালিকায় ইরানের সর্বোচ্চ পর্যায়ের অন্তত ছয়জন নেতার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা। আলি আসগর হেজাজি প্রয়াত আয়াতুল্লাহ খামেনির ডেপুটি চিফ অব স্টাফ। আলি লারিজানি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ইয়াহইয়া রহিম সাফাভি সর্বোচ্চ নেতার সিনিয়র সামরিক উপদেষ্টা।
এসকান্দার মোমেনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। ইসমাইল খাতিব বর্তমান গোয়েন্দা মন্ত্রী।

এ ছাড়াও আইআরজিসির কমান্ডার-ইন-চিফ এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারিসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তাদের তথ্যের জন্যও পুরস্কারের কথা বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই ব্যক্তিরা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন শাখা পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত। এই শাখাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন অভিযান পরিকল্পনা, পরিচালনা ও বাস্তবায়নের জন্য দায়ী। মূলত ইরানের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্ক ধসিয়ে দিতেই এই তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যক্তিদের সম্পর্কে বা আইআরজিসির ঊর্ধ্বতন কমান্ডারদের নেটওয়ার্ক সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তারা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য দাতার জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পুরস্কার নিশ্চিত করা হবে।

সূত্র: তুর্কি টুডে

ডিজিএন/এনএস

banner
Link copied!