ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বগুড়ায় ব্যস্ততম স্টেশন রোডে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০২:০০ পিএম

বগুড়ায় ব্যস্ততম স্টেশন রোডে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত

বগুড়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা স্টেশন রোডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে বিআরটিসি মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত সাদ্দাম হোসেন জেলার শাজাহানপুর উপজেলার লতিপুর মধ্যপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাদ্দাম হোসেন স্টেশন রোড এলাকায় অবস্থান করছিলেন। এসময় হঠাৎ একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় সাদ্দাম মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাদ্দামের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “হামলায় জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। তবে কী কারণে এই হামলা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।” তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে স্টেশন রোড এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে এমন প্রকাশ্য হামলায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!