ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

পরিবেশের ছাড়পত্র পেলেই আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

সাভার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০১:৪৮ পিএম

পরিবেশের ছাড়পত্র পেলেই আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

সাভারের বলিয়ারপুরে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুতই আলোর মুখ দেখতে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর থেকে চূড়ান্ত ছাড়পত্র পেলেই এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসি’র প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

মঙ্গলবার (৩ মার্চ) আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক বলেন, “বর্তমানে দেশে জনগণের সরকার রয়েছে। মানুষের ক্ষতি করে সরকার কোনো কিছু করবে না। আমিনবাজারে দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ জমে আছে, যা আশপাশের মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক আগেই এই ময়লা ট্র্যাশ (প্রক্রিয়াজাত) করে বিদ্যুৎ উৎপাদন করা যেত, কিন্তু পরিবেশ অধিদপ্তরের কিছু জটিলতার কারণে তা সম্ভব হয়নি।”

তিনি আরও যোগ করেন, এই প্রকল্প চালু হলে এলাকার পরিবেশ উন্নত হবে এবং মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

প্রশাসক জানান, সাভার এলাকার ময়লা-আবর্জনাও এই ল্যান্ডফিলে ফেলা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আমিনবাজার ল্যান্ডফিলের কোনো কর্মকর্তা যদি অতীতে বা বর্তমানে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে ডিএনসিসি’র প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের সঙ্গে সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!