চুয়াডাঙ্গার জীবননগরের সফল কৃষি উদ্যোক্তা মো. রুহুল আমিন তার খামারে উৎপাদিত দুই প্রজাতির বিশেষ ‘সীডলেস’ বা বীজবিহীন আঙ্গুর উপহার দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদকে। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে কৃষিমন্ত্রীর হাতে এই আঙ্গুর তুলে দেন তিনি।
সাক্ষাৎকালে কৃষিমন্ত্রী বলেন, “দেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে জলবায়ু উপযোগী উন্নত জাতের ফল উৎপাদনে উদ্যোক্তাদের এই অগ্রগতি কৃষিখাতে নতুন এক দৃষ্টান্ত।” তিনি রুহুল আমিনের উদ্যোগের প্রশংসা করে জানান, উচ্চমূল্যের ফল চাষে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।
রুহুল আমিন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চুয়াডাঙ্গার জীবননগরে তার প্রতিষ্ঠিত ‘রুহুল এগ্রো লিমিটেড’ ও ‘গ্রীণ প্লানেট এগ্রো’ খামারে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন জাতের আঙ্গুরের পরীক্ষামূলক চাষ করে আসছেন। দীর্ঘ গবেষণা এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি স্থানীয় আবহাওয়ায় সফলভাবে এই মিষ্টি ও বীজবিহীন আঙ্গুর উৎপাদনে সক্ষম হয়েছেন।
কৃষি বিশেষজ্ঞদের মতে, দেশে আঙ্গুরের চাহিদার সিংহভাগই আমদানিনির্ভর। রুহুল আমিনের মতো উদ্যোক্তারা যদি স্থানীয়ভাবে মানসম্মত আঙ্গুর উৎপাদন বাড়াতে পারেন, তবে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং কৃষকদের জন্য নতুন আয়ের পথ তৈরি হবে।
উদ্যোক্তা রুহুল আমিন বলেন, “সঠিক প্রযুক্তি ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে দেশেই বাণিজ্যিকভাবে উন্নত জাতের আঙ্গুর উৎপাদন দ্রুত সম্প্রসারণ সম্ভব। আমি বড় পরিসরে এই চাষ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছি।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গার মাটি ও আবহাওয়া উচ্চমূল্যের ফল চাষের জন্য অত্যন্ত অনুকূল। রুহুল আমিনের এই সাফল্য এই অঞ্চলের অন্য কৃষকদের মাঝেও নতুন আশা জাগিয়েছে।


আপনার মতামত লিখুন :