ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Daily Global News

‘ইরানে হামলার মূল্য দিতে হবে পুরো বিশ্বকে’

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:৪০ পিএম

‘ইরানে হামলার মূল্য দিতে হবে পুরো বিশ্বকে’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাবে তেহরান এখন মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এই সংঘাত কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ইরানি থিংক ট্যাংক ডিপলোহাউজের পরিচালক হামিজ রেজা গোলামজাদেহ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গোলামজাদেহ বলেন, “ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা অনেক আগে থেকেই সতর্ক করে আসছিলাম যে, ইরানের ওপর কোনো হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এখন সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হচ্ছে।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানের এই আগাম সতর্কবার্তাকে বিশ্ব সম্প্রদায় গুরুত্ব দেয়নি।

সাক্ষাৎকারে গোলামজাদেহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এবং সেগুলো ব্যবহার করেই ইরানের ওপর হামলা চালানো হচ্ছে। ফলে ইরানও সেইসব দেশে অবস্থিত মার্কিন সম্পদে আঘাত হানতে বাধ্য হচ্ছে।

তিনি জানান, ইরান হরমুজ প্রণালির নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাঁর মতে, “ইরানের নিরাপত্তা এই অঞ্চলের এবং বৈশ্বিক অর্থনীতির নিরাপত্তার সাথে সরাসরি সম্পর্কিত।”

গোলামজাদেহ সতর্ক করেন যে, ইরান আক্রান্ত হলে তার প্রভাব কেবল প্রতিবেশীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার ফলে সৃষ্ট চরম মূল্য পুরো বিশ্বকেই দিতে হবে।

ইরানি এই বিশ্লেষকের মতে, ইরানের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের পরিণতি শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিকেই বহন করতে হবে। তাঁর ভাষায়, “ইরানের নিরাপত্তা নিশ্চিত হওয়া মানেই বিশ্ব অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত হওয়া।” বর্তমান সংঘাত যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে বিশ্ববাজার ও ভূ-রাজনীতি এক গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিজিএন/এনএস

banner
Link copied!