ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
Daily Global News

রাজধানীতে বিএনপির নির্বাচনি জনসভা বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:২৮ পিএম

রাজধানীতে বিএনপির নির্বাচনি জনসভা বাতিল

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে বড় ধরনের কর্মসূচি পরিবর্তন করেছে বিএনপি। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের যে বিশাল নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্পটে বিকল্প কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন।

রিজভী জানান, ৮ ফেব্রুয়ারির কেন্দ্রীয় জনসভা বাতিল হলেও ওই দিন এবং পরদিন (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় ছোট ছোট স্পটে নির্বাচনী বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মূলত জনভোগান্তি এড়াতে এবং রাজধানীর প্রতিটি প্রান্তে সরাসরি নির্বাচনী বার্তা পৌঁছে দিতেই এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনের মাঝে একটি উল্লেখযোগ্য যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বিএনপিতে এবং কেন্দ্রীয় হল সংসদের বেশ কয়েকজন নির্বাচিত ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন।

আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শেষ হবে এবারের নির্বাচনী প্রচার-প্রচারণা। বিএনপি চেয়েছিল ৮ ফেব্রুয়ারি ঢাকায় বড় ধরনের শো-ডাউন করে নির্বাচনের চূড়ান্ত বার্তা দিতে। তবে কর্মদিবসে বিশাল জনসভার কারণে নগরবাসীর সম্ভাব্য যানজট ও ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দলটি এখন বিকেন্দ্রীকরণ কর্মসূচির দিকে হাঁটছে।

 

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!