আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহারের পাঠ করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির এবারের ইশতেহারকে পাঁচটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে: ১. রাষ্ট্র ব্যবস্থার সংস্কার: ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সুশাসন নিশ্চিত করা। ২. বৈষম্যহীন উন্নয়ন: আর্থ-সামাজিক বৈষম্য দূর করে টেকসই সক্ষমতা অর্জন। ৩. ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন: অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। ৪. আঞ্চলিক সুষম উন্নয়ন: এলাকাভিত্তিক উন্নয়ন বৈষম্য নিরসন। ৫. সামাজিক সংহতি: ধর্ম, সমাজ, ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা।
তারেক রহমান জানান, এই ইশতেহারটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’, রাষ্ট্র মেরামতের ‘৩১ দফা’ এবং ‘জুলাই জাতীয় সনদে’র সমন্বয়ে যুগোপযোগী করে তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ওলামা দলের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে তারেক রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানান রুহুল কবির রিজভী। তারেক রহমান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাঁর পরিকল্পিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :