ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বিপিএল ফাইনাল আজ: কার হাতে উঠছে অধরা ট্রফি?

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:২৪ এএম

বিপিএল ফাইনাল আজ: কার হাতে উঠছে অধরা ট্রফি?

সব অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আসরের সেরা দুই দল চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই জমজমাট লড়াই।

বিপিএলের এই মেগা ফাইনালকে ঘিরে মিরপুরে এখন সাজ সাজ রব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সন্ধ্যাটিকে ‘জাদুকরী’ করে তুলতে নানা আয়োজন হাতে নিয়েছে। বিপিএল ইতিহাসে এবারই প্রথম ফাইনাল শুরুর আগে দর্শকদের সামনে ট্রফি উন্মোচনের পরিকল্পনা করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হবে সেই পরম আরাধ্য শিরোপা। ট্রফি উন্মোচনের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে কনসার্ট ও আতশবাজির ঝলকানি।

মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলই আত্মবিশ্বাসী। লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে প্রথম কোয়ালিফায়ারে তাদের হারিয়েই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, রাজশাহী প্রথম সুযোগে ব্যর্থ হলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচটি রাত ৯টা ২০ মিনিটের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুই ইনিংসের মাঝে থাকবে ২০ মিনিটের বিরতি।

কাগজে-কলমে আসরের শক্তিশালী দুই দলের এই লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বিরাজ করছে তুঙ্গে উত্তেজনা। বিসিবি সব বয়সের দর্শকদের এই জাদুকরী সন্ধ্যার অংশ হতে আমন্ত্রণ জানিয়েছে। এখন দেখার বিষয়, মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ হাসি কার মুখে ফোটে—চট্টগ্রামের রয়্যালসরা নাকি রাজশাহীর ওয়ারিয়র্সরা?

ডিজিএন

banner
Link copied!