ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বাড়ল স্বর্ণ ও রুপার দাম, নতুন রেকর্ডে দেশের বাজার

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১০:২১ পিএম

বাড়ল স্বর্ণ ও রুপার দাম, নতুন রেকর্ডে দেশের বাজার

দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হলো স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে। এতে করে স্বর্ণের পাশাপাশি রুপার দামও দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা শেষে এক বিজ্ঞপ্তিতে নতুন এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন দাম মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

স্বর্ণের নতুন দাম

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এছাড়া নতুন মূল্যতালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেটের: প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

ভ্যাট ও মজুরি যুক্ত হবে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা।

রুপার দামেও রেকর্ড

স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪০ টাকা, যা দেশের বাজারে রুপার সর্বোচ্চ দাম।

নতুন দরে—

  • ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা
  • ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকা

বারবার সমন্বয়

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮ দফা সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৬ বার দাম বেড়েছে এবং ২ বার কমেছে। অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৫ দফা; এর মধ্যে ৩ বার বেড়েছে এবং ২ বার কমেছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব, ডলার সংকট এবং স্থানীয় কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণেই দেশে স্বর্ণ ও রুপার দামে এমন ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

ডিজিএন

banner
Link copied!