দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন কোনো চমক। কখনো অভিনয় দক্ষতা, আবার কখনো তাঁর ফ্যাশন স্টেটমেন্ট সবকিছুতেই তিনি অনন্য। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে জয়াকে দেখা গেছে সোনালি রঙের একটি জমকালো স্লিভলেস গাউনে। মেকআপ রুমের আয়নার সামনে দাঁড়িয়ে দেওয়া পোজগুলোতে ফুটে উঠেছে তাঁর তীক্ষ্ণ চাহনি ও চিরযৌবনা আভিজাত্য। ছবিগুলো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্য ঘরে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে। নেটিজেনদের অনেকেই তাঁকে ‘টাইমলেস বিউটি’ বা কালজয়ী সুন্দরী হিসেবে আখ্যা দিয়েছেন।
তবে ভক্তদের জন্য শুধু নতুন ছবিই নয়, রয়েছে আরও বড় সুখবর। পর্দায় জয়াকে দেখার অপেক্ষার অবসান ঘটছে আগামী ৬ ফেব্রুয়ারি। ওই দিন মুক্তি পেতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে।
সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, এটি মূলত ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল ও মনস্তাত্ত্বিক গল্প। শ্বেতা চরিত্রটি ফুটিয়ে তুলতে তাঁকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ট্রেলারে জয়ার ‘ভয়ংকর’ ও রহস্যময় রূপ দেখে ইতিমধ্যে দুই বাংলার দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
অভিনয়জীবনের শুরু থেকেই ‘গেরিলা’, ‘বিসর্জন’ কিংবা ‘রবিবার’-এর মতো চলচ্চিত্রে শক্তিশালী উপস্থিতির মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন জয়া। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘ওসিডি’ তাঁর ক্যারিয়ারে আরও একটি অনন্য পালক যোগ করবে।
ডিজিএন


আপনার মতামত লিখুন :