ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
Daily Global News
দুই দশক পর ক্ষমতায় বিএনপি

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:১৭ এএম

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক নির্বাসন ও সংগ্রামের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২১৩টি আসনে জয়লাভ করেছে। এর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটি আবারও বাংলাদেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে।

দলের নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছেন। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ উভয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, নির্বাচনে জয়ী হলে তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরার পর এটিই তাঁর প্রথম সরাসরি রাজনৈতিক বিজয়।

এবারের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থীরা এখন পর্যন্ত ৫৬টি আসনে জয়ী হয়েছেন। ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এর আগে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম জামায়াত এককভাবে প্রধান বিরোধী দলের মর্যাদা পাচ্ছে।

নির্বাচনী ফলাফল একনজরে: বিএনপি: ২১৩ আসন (বেসরকারি)। জামায়াতে ইসলামী: ৬৮ আসন। জাতীয় নাগরিক পার্টি: ০৬ আসন। স্বতন্ত্র-০৮। অন্যান্য: ০৪ আসন।

সর্বশেষ ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি এবার ‘নতুন বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছিল। তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে দলকে পুনর্গঠন করার সুফল এবারের ব্যালট বিপ্লবে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর শোকাতুর বিএনপি ৯ জানুয়ারি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত করে। সেই শোককে শক্তিতে রূপান্তর করেই দলটি এই ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করল।

ডিজিএন/এনএস

banner
Link copied!