ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
Daily Global News
ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা

মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ৯, আটক ১

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:১২ পিএম

মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ৯, আটক ১

ভোটের উৎসবে মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে সংঘর্ষ বাধে।

জামায়াতের অভিযোগ, বিএনপির সমর্থক যুবকরা ভোটারদের গতিরোধ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে তবারক হোসেন ও মিনাজুল ইসলামসহ জামায়াতের ৬ কর্মী-সমর্থক আহত হন।

মেহেরপুর-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মো. নাজমুল হুদা বিষয়টিকে ‘সুপরিকল্পিত বাধা’ হিসেবে বর্ণনা করেছেন। তবে বিএনপি প্রার্থী আমজাদ হোসেন একে ‘প্রতিবেশীদের রেষারেষি’ ও ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে দাবি করেছেন।

এদিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ফেরার পথে সুমন নামের এক ব্যক্তি ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এর জেরে স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে ৩ জন আহত হন। ঘটনাস্থল থেকে শাহাবুদ্দিন নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির কেন্দ্র পরিদর্শন শেষে জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং ভোটগ্রহণ স্বাভাবিক গতিতে চলছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!