ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Daily Global News

জ্বালানি তেল পাচারের শঙ্কা: চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:৪৮ পিএম

জ্বালানি তেল পাচারের শঙ্কা: চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সীমান্ত পথে তেল পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ সতর্কতার কথা জানানো হয়।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। এর আওতায় দর্শনা আইসিপিসহ (ইমিগ্রেশন চেকপোস্ট) জেলার সব গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত বা পাচারের অপচেষ্টা চালাতে পারে। এই শঙ্কা থেকে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে অতীতে যেসব রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব পয়েন্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

দর্শনা আইসিপি গেট দিয়ে ভারতে প্রবেশকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোতেও কড়া তল্লাশি চালানো হচ্ছে। ট্রাকের জ্বালানি ট্যাংকের অতিরিক্ত কোনো চেম্বার বা অবৈধভাবে তেল নেওয়া হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পরীক্ষা করছেন বিজিবি সদস্যরা।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, "সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধিসহ বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন পরিবহন ও চলাচলে কঠোর নজর রাখা হচ্ছে। কোনোভাবেই যেন সীমান্ত পথে দেশের জ্বালানি সম্পদ পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।"

তিনি আরও হুঁশিয়ারি দেন যে, পাচারের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!