বিএনপির আদি দুর্গখ্যাত বগুড়ার সাতটি সংসদীয় আসনের সবকটিতেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফল বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে। বিশেষ করে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন।
বগুড়া-৬ (সদর) আসনের ১৫০টি কেন্দ্রের মধ্যে ২৭টির ফলাফল পাওয়া গেছে। এতে তারেক রহমান পেয়েছেন ৩৮ হাজার ৪২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট। দীর্ঘ ১৯ বছর পর নির্বাচনী লড়াইয়ে ফেরা তারেক রহমানকে ঘিরে এই আসনে ভোটারদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে।
বগুড়ার অন্যান্য আসনের চিত্র: বগুড়া-১: ১৬ কেন্দ্রের ফলে কাজী রফিকুল ইসলাম (বিএনপি) ২৩,৭০৩ ভোট পেয়ে এগিয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহাবুদ্দিন পেয়েছেন ৯,৪২৪ ভোট। বগুড়া-৭: গাবতলী-শাজাহানপুর আসনে ৫৯ কেন্দ্রের ফলে মোরশেদ মিল্টন (বিএনপি) ৮৭,৫৬৯ ভোট পেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে। জামায়াতের গোলাম রব্বানী পেয়েছেন ৩০,৯৭০ ভোট।
বগুড়া-৪: কাহালু-নন্দীগ্রামে ২৬ কেন্দ্রের ফলে মোশারফ হোসেন (বিএনপি) ৩৩,১৮১ ভোট পেয়ে এগিয়ে আছেন। শিবগঞ্জ (বগুড়া-২), দুপচাঁচিয়া-আদমদীঘি (বগুড়া-৩) এবং শেরপুর-ধুনট (বগুড়া-৫) আসনেও আংশিক ফলাফলে বিএনপি প্রার্থীরা কয়েক হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এখন শুধু আনুষ্ঠানিক বিজয়ের ঘোষণার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :