চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল তৈরির সময় এক ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেয়াল ধসে পড়েছে এবং টিনের চালা উড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। ভোর ৫টার দিকে ককটেল তৈরির সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন নিহত হন। বিস্ফোরণে নিহতদের মুখমণ্ডল ও শরীর এমনভাবে বিকৃত হয়ে গেছে যে, তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিস্ফোরণে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুষ্কৃতকারীরা ককটেল বানানোর সময় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার নেপথ্যে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।” বর্তমানে চরবাগডাঙ্গা এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :