রাজধানীর গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি কেন্দ্রে প্রবেশ করেন এবং ভোটদান শেষে ৯টা ৫০ মিনিটে বেরিয়ে আসেন। পরে কেন্দ্রের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানান, নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তাঁদের সরকারের প্রধান লক্ষ্য হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন।
তারেক রহমান বলেন, “আমরা জনগণের সমর্থন ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে দেশের সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, সেই পরিবেশ নিশ্চিত করা।” তিনি জোর দিয়ে বলেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও মা-বোনদের কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি দেশবাসীকে দলে দলে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দীর্ঘ সময় পর মানুষ নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়ে রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে হবে।”
উল্লেখ্য, তারেক রহমান ঢাকা-১৭ (গুলশান) এবং তাঁর পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুলশান এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত এবং সকাল থেকেই এই কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।


আপনার মতামত লিখুন :